ইসকনের ৬৩ জনকে ফেরত দিল বেনাপোল ইমিগ্রেশন

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সম্রাট হোসাইনঃ ভারতে যাওয়ার উদ্দেশ্য “সন্দেহজনক” হওয়ায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৬৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শনি ও রবিবার(৩০ নভেম্বর এবং ১ডিসেম্বর/২০২৪ ইং) দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে।

রবিবার দিনভর অপেক্ষার পর বিকেলের দিকে তাদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়ে দিলে,তারা ফেরত যেতে বাধ্য হয়।

ইমিগ্রেশন হতে ফেরত দেওয়ার কারন জানতে চাইলে, বেনাপোলে আসা ইসকনের ভক্তরা জানান, “ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোন কারণ ছাড়াই তাদের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়”।

বেনাপোল ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন,”ইমিগ্রেশনে আসা ইসকন ভক্তদের যাত্রা’র উদ্দেশ্য সন্দেহজনক হওয়ায় তাদের ভ্রমণ রোধ করা হয়েছে”।