নওগাঁ কেডি স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আব্দুর রাজ্জাক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন, নওগাঁ জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমুদ চন্দ্র দেবনাথ প্রমুথ।

এছাড়াও অনুষ্ঠানে স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকসহসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- পড়ালেখার পাশাপাশি খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথি নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসাবে ক্রীড়া, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নিয়মিতভাবে করতে হবে। তবেই শিক্ষার্থীর সৃজনশীলতা, মননশীলতা বিকশিত হবে। এসময় শিক্ষার্থীদের আন্তরিক প্রয়াসী হওয়ার প্রতিও আহ্বান জানান তিনি।