​গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌর এলাকায় বৈদ্যুতিক সরঞ্জাম ও তার চুরির মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঘর-বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট ও মাঠের ময়দান—সবখানেই এখন চোর চক্রের দৌরাত্ম্য চলছে। এমনকি পৌর এলাকার বাইপাস সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক বাতিও প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

​সর্বশেষ গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে বেনাপোল পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামের পুটখালী রোডস্থ চারাবটতলা এলাকায় একটি গভীর নলকূপের সংযুক্ত ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটে।

সরঞ্জামাদি চুরির ফলে ওই গভীর নলকূপের সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে এলাকার বোরোসহ ধানি জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং কৃষকরা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন।

​ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সময়মতো সেচ ব্যবস্থা সচল করা না গেলে তাদের জমির সোনালী ফসল পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে। এদিকে আশপাশের অন্যান্য গভীর নলকূপের চাষিরাও চরম চুরি আতঙ্কে দিন কাটাচ্ছেন। কখন কার খামার বা মোটর ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়ে যায়, সেই আশঙ্কায় রাতের পর রাত পাহারা দিতে হচ্ছে তাদের।

​এলাকাবাসীর মতে, এভাবে ঘরে-বাইরে প্রতিনিয়ত চুরি হতে থাকলে শুধু কৃষক সমাজ নয়, পুরো এলাকার সাধারণ মানুষ বড় ধরনের বিপদের মুখে পড়বে।

​দ্রুত এই নৈরাজ্য বন্ধ করতে পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় পুলিশের টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি, কৃষকদের ফসল রক্ষার্থে দ্রুত নতুন ট্রান্সফরমার সংযোগ প্রদানের জন্য পল্লীবিদ্যুৎ বেনাপোল জোনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম)-এর প্রতি আকুল আবেদন জানিয়েছেন তারা।

ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরির ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়েছে কিনা জানতে চাইলে, বেনাপোল পোর্টথানার ডিউটি অফিসার না প্রকাশ করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর