শেরপুরে পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ১৯ জুন ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে মহারশী, সোমেশ্বরী, ভোগাই, চেল্লাখালী, মৃগী ও পুরাতন ব্রক্ষপুত্র নদের পানি বাড়তে শুরু করছে। তবে এখনও সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে জানা যায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার খাল-বিল ও জলাশয় পানি আসতে শুরু করছে। চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় কলা চাষি ও মাছ চাষিরা দুশ্চিতায় রয়েছে। ইতোমধ্যে ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে জমিতে উঠতে শুরু করেছে ঢলের পানি।

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরপুর জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আগামী ৭২ ঘণ্টার পুর্বাভাসে শেরপুরসহ আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।