উত্তরায় ফুটপাতে অভিযান: এক শতাধিক দোকানপাট উচ্ছেদ

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে যানজট নিরসনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকানপাট সকাল- সন্ধ্যা অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক পুলিশ। এসময় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

উত্তরার আব্দুল্লাহপুরের মোড়, আব্দুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের মাছের আড়ৎ, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ, টঙ্গী ব্রীজ এলাকায় গতকাল বুধবার (৫ জুন) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. ইব্রাহিম। এসময় আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. সালাহ উদ্দীন প্রধান সহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আব্দুল্লাহপুরের টিআই মো. সালাহ উদ্দীন প্রধান ঢাকা প্রতিদনকে বলেন, ‘মহাসড়ক ও তার আশেপাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং কিছু ভ্যান আটক করে রেকার বিল করা হয়েছে। এসব দোকানের মধ্যে চা-খাবারের অর্ধ শতাধিক টোং দোকান, ১২/১৩টি অবৈধ কাউন্টার, ভ্যানের বিভিন্ন কাপড়, জুতার ২০/২৫টি দোকান রয়েছে।’

তিনি ফুটপাতের দোকানদারকে হুশিয়ারি দিয়ে সালাহ উদ্দীন বলেন, ‘মহাসড়কে যানজন সৃষ্টি করে অবৈধভাবে দোকানপাট করার সুযোগ নেই। কেউ যদি করে বা করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’