নালিতাবাড়ীতে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চিনিসহ আটক-১

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ১৪ মে ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি থেকে প্রায় পৌণে এক কোটি টাকা মূল্যের ১২শ ৯২ বস্তা ভারতীয় চিনিসহ এক চিনি ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ১৩ মে সোমবার বিকেল হতে ভোর রাত পর্যন্ত উপজেলার কাকরকান্দিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়।

রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আসা এসব চিনিগুলো উদ্ধার করে ভোরে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃত মো. রুহুল আমিন (৪৬) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শের আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, নালিতাবাড়ী দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে চোরাই চিনি বাংলাদেশে ঢুকছে। এবং এ চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ রয়েছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

পরে চিনি চোরাচালানের সাথে জড়িত রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় থাকা গোডাউন থেকে মোট ১২শ ৯২ বস্তা চোরাই চিনি উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় রুহুল আমিনকে। উদ্ধারকৃত চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এর বাজার মূল্য প্রায় পৌণে এক কোটি টাকা হবে বলে জানা গেছে।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি হালুয়াঘাটের সীমান্ত দিয়ে এ চিনিগুলো আসছে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে স্টোর প্লেস হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।

এই চোরাচালানের সাথে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। আমরা গ্রেফতার রুহুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। আশা করছি তার মাধ্যমে আমরা আরও তথ্য পাবো। চিনি গুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

১৪ মে বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা সাংবাদিকদের বিষয়টি ব্রিফ করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।