বগুড়ায় আলোচিত নাসিম হত্যাকান্ডে আটক ০২

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ছবি- কালের বিবর্তন

বগুড়ার সারিয়াকান্দিতে আলোচিত স্কুল ছাত্র নাসিম হত্যাকান্ডের ঘটনায় ০২ যুবক কে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকরা হলেন, গাবতলী উপজেলার ঈশ্বরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এনামুল হক এবং সারিয়াকান্দির ফুলবাড়ী পশ্চিমপাড়া এলাকার আ: জলিল মণ্ডলের ছেলে ফিরোজ ইসলাম। এর মধ্যে এনামুল নাসিমের মামাতো ভাই এবং ফিরোজ সম্পর্কে চাচা।

সিগারেট খাওয়া নিয়ে বাকবিতণ্ডার ঘটনায় শায়েস্তা করতেই স্কুলছাত্র নাসিমকে হত্যা করা হয়।মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।

এর আগে সোমবার রাত সোয়া ১০টার দিকে গাবতলী উপজেলার ঈশ্বরপুর পূর্বপাড়ায় বসতবাড়ির মুরগির খোয়ারের মাটিতে পুঁতে রাখা নাসিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাসিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। এছাড়াও সে ফুলবাড়ি গমির উদ্দীন বহুমুখী স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, কিছুদিন পূর্বে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিমের সাথে আসামিদের বাকবিতণ্ডা হয়। সেই থেকে আসামিরা নাসিমকে শায়েস্তা করার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি রাতে ঘুরতে যাওয়ার কথা বলে নাসিমকে কৌশলে ডেকে নেয় তারা। পরে তারা গাবতলীর ঈশ্বরপুর গ্রামে এনামুলের বাড়ির পাশে রাস্তার উপর নিয়ে নাসিমের হাত পা বাধার চেষ্টা করে।

এসময় নাসিম চিৎকার করলে আসামিরা গলা ও মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। এরপর তারা নাসিমের মরদেহ এনামুলদের বাড়ির মুরগীর খোয়ারে বস্তাবন্দি করে মাটির নিচে পুঁতে রাখে।

তিনি আরও জানান, ঘটনার কয়েকদিন পর আসামিরা নাসিমের বাবার মোবাইলে নম্বরে যোগাযোগ করে মুক্তিপণের জন্য ৮০ হাজার টাকা দাবি করে। সেই সূত্র ধরেই আসামিদের আটক করে তাদের দেয়া তথ্যমতে নাসিমের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য লিখুন

আরও খবর