নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি - কালের বিবর্তন

নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনের চলছে শেষ প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় থেকে স্ব স্ব উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নিচ্ছেন সরঞ্জামাদি। তারপর পুলিশ ও আনসার ভিডিপির সদস্যাদের প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে। তবে আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার ও সিল।

এদিকে আজ সকালে পুলিশ লাইনে নির্বাচনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ নজরদারি করা হবে বলে জানান পুলিশ সুপার।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা জানান- নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। কেউ যাতে ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে এবং শান্তি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরিকল্পনা করা হয়েছে। আজকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জামাদি। আগামীকাল সকালে ভোট গ্রহণের আগে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও সিল পাঠানো হবে।

তিনি আরও বলেন- কেন্দ্রেগুলোতে নাশকতা ঠেকাতে শুক্রবার রাত থেকেই অতিরিক্ত আনসার ও ভিডিপি সদস্যদের পাহারার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিও মাঠে কাজ করছেন। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসন। এর মধ্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই আসনটিতে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে ৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯ প্রার্থী।

এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০টি কেন্দ্রে ৪ হাজার ১১১টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে।