• জাতীয় লিড নিউজ
  • নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেব : বিমানমন্ত্রী

নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেব : বিমানমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের আলোকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

এর আগে মন্ত্রী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের নেতৃত্বে মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

ফারুক খান আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে আমাদের অঙ্গীকারের কথা বলা আছে। আমার প্রথম কাজ হবে এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে তা পূরণ করা।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমার কাজ হবে আমার অতীতের অভিজ্ঞতার আলোকে এই উন্নয়ন কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডেলিংয়ের মান আরও উন্নত করা এবং নতুন নতুন লাভজনক গন্তব্যে বিমানের রুট চালু করা।

ফারুক খান বলেন, বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার দেশ। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে নতুন নতুন পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র তৈরি করার লক্ষ্যে কাজ করব। পর্যটনশিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বাংলাদেশের পর্যটনের উন্নয়নে বেসরকারি খাতে অনেক কাজ হচ্ছে। তাদের সাথে আলোচনা সাপেক্ষে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি স্মার্ট মিনিস্ট্রি হিসেবে গড়ে তোলা হবে।