ধামরাইয়ে প্রার্থীদের আচরণবিধি ভাঙ্গার হিড়িক

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ে ঢাকা-২০ আসনে মনোনয়ন জমা দিতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা, জাতীয় পার্টি ও এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকা জেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে এসে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে উপজেলার পৌর শহরের রাস্তা দিয়ে নৌকার প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি বেনজির আহমদসহ তার সমর্থিত নেতাকর্মীরা মিছিল করেন।

এসময় নৌকার প্রার্থী প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা চত্ত্বরে প্রবেশ করেন তিনি। এর এক ঘন্টা পরেই স্বতন্ত্র প্রার্থী ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন তার দেড় শতাধিক নেতাকর্মীসহ মনোনয়ন জমা দিতে যান। এছাড়া আচরণবিধি লঙ্ঘণের একই অভিযোগ উঠে জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল খোকনের বিরুদ্ধেও।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আমি ভিতরে ছিলাম। মনোনয়ন দাখিলের সময় আমার সামনে আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কোন ঘটনা ঘটেনি। বাহিরে কি হয়েছে আমি তা জানি না। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।