মজুরি বৃদ্ধি দাবিতে আন্দোলনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধি দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল, টিয়ারশেল ও পুলিশের গুলিতে শ্রমিক-পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতিতে বেশ কিছু কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করার কথা জানিয়েছে পুলিশ।

রবিবার সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, শিমুলতলা, ছয়তলাসহ বেশ কয়েকটি স্থানে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, এনভয় গার্মেন্টসের শ্রমিক নজরুল ইসলাম, ভার্চুয়াল গার্মেন্টসের শ্রমিক সীমা আক্তার, পথচারী বিমল শীল ও মজনু মিয়া। তবে আহত বাকীদের তথ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সকালে আমরা মজুরি বৃদ্ধি ও দ্রব্যমূল্যের দাম কমানোর যৌক্তিক দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকায় আসতে না আসতেই পুলিশ গুলি করতে শুরু করে। আমাদের অনেক শ্রমিক গুলিবিদ্ধ ও আহত আছেন। গুলিবিদ্ধ অনেককেই ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ আমাদের উপর কেন গুলি চালাবে? আমরাতো শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম। পুলিশকে এই অধিকার কে দিছে? আমরা সরকারের কাছে এর বিচার চাই।

নারী ও শিশু হাসপাতালের ইমারজেন্সি বিভাগের প্রধান ডা. জয় ভট্টাচার্য জানান, গুলিবিদ্ধসহ আহত অবস্থায় অন্তত ২০ জন শ্রমিককে আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে ৪-৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। তাদের মধ্য নজরুল ইসলাম নামে এক শ্রমিকের মাথায় গুলিবিদ্ধ ছিলো। তাকেসহ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশ কিছু কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সাজোয়া যানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।