প্রতিমা বিসর্জনে সারাদেশে পুলিশের বিশেষ নিরাপত্তা

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ফাইল ছবি

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। বিজয়া দশমী, দেবী-দুর্গার বিদায়ের দিনে মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর। শঙ্খ আর ঢাকের ধ্বনি ক্রমশ কমে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিসর্জন ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিন প্রতিমা নিয়ে আসা ট্রাক চলাচলের রুট নির্ধারণ ও বিসর্জনে নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, পূজার শুরু থেকেই প্রতিটি মণ্ডপে নিরাপত্তা দিয়েছে পুলিশ। আজ বিসর্জনকে কেন্দ্র করে পুলিশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শুরু থেকে পুলিশ নিরাপত্তা দিয়েছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে বিসর্জনের মাধ্যমে শেষ হবে। আমরা মনে করি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।
ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে গত শুক্রবার থেকে পাঁচদিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সে আয়োজন। দেশজুড়ে ৩২ হাজার ৪০৭টি মন্দির-মণ্ডপে পূজা হয়েছে এ বছর।