হরতাল প্রত্যাখান ; চলবে বাস

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সারা দেশে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চ। হরতালের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বিএনপির ডাকা হরতালেও বাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। শনিবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা রোববারের হরতালের ব্যাপারে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়, এদিন ঢাকা ও শহরতলি এবং আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি বা কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, তারা ঘৃণার সঙ্গে হরতাল প্রত্যাখ্যান করেছেন। মালিক-শ্রমিকরা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবেন। তবে যাত্রী পাওয়াসাপেক্ষে আন্তজেলা রুটে গাড়ি চলাচল করবে। হরতালের দিন গাড়ি চলাচলে যেন কোনো বাধা দেয়া না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে সমিতির নেতারা অনুরোধ জানিয়েছেন।