হরতালে নওগাঁয় অধিকাংশ দোকান-পাট বন্ধ, চলছে না দূরপাল্লার বাস

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিএনপি-জমায়াতের ডাকা হরতালে নওগাঁয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় তেমন কোনো প্রভাব পড়েনি। হরতালে জেলার আঞ্চলিক সড়কগুলোতে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। তবে অধিকাংশ দোকানপাট না খুলে মালিক-কর্মচারিদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো রাস্তায় ইজিবাইক, অটোরিকশা, টেম্পু ইত্যাদি যানবাহনঅন্যান্য চলাচল করছে। স্কুল, কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়। শহরের কেডির মোড় এলাকায় বিএনপি দলীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। কোথাও হরতাল আহ্বানকারী বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। হয়নি কোথাও মিছিল-সমাবেশ। জেলার আন্তজেলা বিভিন্ন রুটে বাস চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।

এদিকে অপ্রিতীকর ঘটনা যাতে না ঘটে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ।

শহরের তুলাপট্রি এলাকায় কথা হয় কাপড় ব্যবসায়ী আলম হোসেন এর সাথে। তিনি বলেন, হরতালের কারনে কেউ দোকান খুলেছে না। সবাই একটু আতঙ্গে আছেন । তাই দোকান সামনে সবাই দাঁড়িয়ে আছি। দুই একজন দোকান খুলতে শুরু করলে আমিও খুলবো।

শহরের কাজীর মোড়ে রিকশাচালক ইসমাইল বলেন, আমাদের হরতাল দেখে লাভ নেই। একদিন রিকশা না জানালে পরিবার চলে না। বাধ্য হয়েই গাড়ি বের করেছি। তবে সকাল থেকে কোনো বাধা ছাড়াই গাড়ি চালাচ্ছি।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, সকাল থেকে বিভিন্ন উপজেলার বাস চলছে। এছাড়া নওগাঁ থেকে রাজশাহী ও বগুড়ায় আন্তজেলা বাসও চলছে। তবে যাত্রী না থাকায় ঢাকাসহ দূরপাল্লার বাস চলছে না।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, হরতালকে কেন্দ্র করে যদি কেউ কোন প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সব সময় প্রস্তুত আছে। আমরা আশাবাদি হরতালকে কেন্দ্র করে নওগাঁর কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।