মমিন বিয়ে না করলে আত্মহত্যা করবে হিন্দু তরুণী

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবীতে মুসলিম যুবকের বাড়ীতে অবস্থান করছেন হিন্দু তরুণী কনিকা রানী (২৫)। প্রেমিকার বাড়ীতে আসার খবর পেয়ে বাড়ীর দরজায় তালা দিয়ে উধাও প্রেমিক আব্দুল মুমিন(৩৩)। ঘটনাটি ঘটেছে বদলগাছীর কোলা ইউপির ভোলার পালশা গ্রামে।

অনশনরত ভূক্তভোগী তরুণী কনিকা রানী (২৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় বাড়ী। অভিযুক্ত প্রেমিকের নাম আব্দুল মুমিন (৩৩) উপজেলার কোলা ইউপির ভোলার পালশা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।

সরেজমিনে বুধবার বিকেল গিয়ে দেখা যায়, তালাবদ্ধ অবস্থায় মুমিনের বাড়ী। বাড়ীর দরজার গলিতে ভূক্তভোগী তরুণী কনিকা রানী (২৫) দাড়িয়ে। বিয়ের দাবীতে মেয়ের অনশনের কথা শুনে আশে-পাশের গ্রামের নারী-পুরুষ দেখতে আসছে দলে দলে।

কথা হলে ভূক্তভোগী তরুণী কনিকা রানী (২৫) বলেন, বিগত ৩বছর পূর্বে ঢাকায় চাকরির সুবাদে প্রেমিক আব্দুল মুমিনের সাথে পরিচয় হয়। এক সাথে চাকরির সুবাদে আব্দুল মুমিন আমাকে প্রেমের এবং বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রলোভনে প্রায় ৩বছর এক সাথে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাসও করতেন। এই সম্পর্ক মুমিনের মা,ভাই, ভাবী সহ মুমিনের বোনও জানে। গত ২০দিন থেকে কোন যোগাযোগ না থাকায় আজ (বুধবার) সকালে মুমিনের বাড়ীতে আসি। আসার আগেই মুমিন বাড়ীর দরজায় তালা দিয়ে পালিয়ে গেছে। ইতি পূর্বে মুমিনের বাড়ীতেও ২বার এসেছে প্রতি বারে ৩দিন করে বাড়ীতে অবস্থান করেছে। কিন্তু বাড়ীর বাহিরে বের হতে দেয়নি। পিছনে গোয়াল-ঘরের দরজা দিয়ে যাতায়াত করতো।

ভূক্তভোগী তরুণী কনিকা রানী আরও বলেন, তিন বছর ধরে সমস্ত বেতন উত্তোলন করে মুমিনকে দিয়েছি। এখন বিয়ের কথা বললে মুমিন বলে, ৫লাখ নয়তো ২লাখ টাকা নিয়ে আসো বিয়ে করবো। আমাকে যদি বিবাহ না করে আমার আর মরা ছাড়া কোন পথ খোলা থাকবে না।

স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, সকালে এই মেয়ে আসার সংবাদ পেয়ে মুমিন আত্মগোপন করে। মুমিনের সাথে মুমিনের মা দরজায় তালাবদ্ধ করে চলে গেছে। দীর্ঘ সময় পার হলেও মুমিনের পরিবারের কেউ আসেনি। পার্শবর্তী এক প্রতিবেশি তরুণীকে খাওয়ানোর ব্যবস্থা করছেন। একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিয়ের জন্য এসেছে। আমরা চাই মুমিন এসে এই মেয়ের সাথে বসে সুরাহা করুক।

বিষয়টি নিয়ে কথা হলে স্থানীয় কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, সকালে কনিকা রানী নামে ভূক্তভোগী তরুণী আমাকে মুমিনের সাথে তরুণীর সম্পর্ক বিষয়টি জানায়। আমি মুমিন এবং তার পরিবারকে বিষয়টি সমাধানের জন্য খবর পাঠালে মুমিন ও তার পরিবারের কেউ আসেনি। পরবর্তীতে ভূক্তভোগী তরুণী পরিষদ থেকে চলে যায়।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ ( ওসি ) আতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও বিষয়টি নিয়ে খোঁজ খবর নিবো।