ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিনি আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ও গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলা, পৌর এলাকার শেরপুর ও সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ পৈরতলার আবু মিয়ার ছেলে শিশু মিয়া, কোড্ডা গ্রামের আইয়ূব আলীর ছেলে মোঃ জসিম মিয়া ও শেরপুরের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর প্রয়াত কুদ্দুস মিয়ার ছেলে হারুনুর রশিদ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কোড্ডা গ্রামে অভিযান চালিয়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত শিশু মিয়া এবং ১ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে গত বৃহস্পতিবার রাতে শেরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মাদক মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামী হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ওসি আসলাম হোসাইন আরো বলেন, হারুনুর রশিদের বিরুদ্ধে থানায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের একটি মামলা ছিলো। ওই মামলায় ২০১৪ সালে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। রায়ের পর হারুনুর রশিদ দীর্ঘ ৯ বছর পলাতক ছিল।