জলাবদ্ধতায় ভেস্তে গেল ত্রাণ প্রতিমন্ত্রীর পথসভা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই সব দলের নেতাকর্মীরা প্রচারণায় সরব হয়ে উঠছেন। গুরুত্বপূর্ণ ঢাকা-১৯ আসন সাভারেও ইতোমধ্যেই অনেক প্রার্থী শুরু করেছেন জনসভা, পথসভা ও উঠান বৈঠকের মতো প্রচারণা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এই আসনটির এমপি। তিনিও বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও সভা-সমাবেশ করে নৌকার পক্ষে ভোট চাইছেন।

আজ শুক্রবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জুম্মার নামাজ শেষে আশুলিয়ার গাজীরচট এলাকায় ত্রাণ প্রতিমন্ত্রীর একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু জলাবদ্ধতার কারণে ভেস্তে গেছে সেই অনুষ্ঠান।

জানা গেছে, শুক্রবার বিকাল ৩টায় আশুলিয়ার গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। ধামসোনা ইউনিয়ন যুবলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের। কিন্তু হঠাৎ শুক্রবার সকালে আশুলিয়া থানা ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ফেসবুকে অনুষ্ঠান না হওয়ার কথা জানানো হয়। বৈরি আবহাওয়া ও সভাস্থলে জলাবদ্ধতার কারণে অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও জানান তারা।

পানিতে টইটুম্বুর সভাস্থলের প্যান্ডেলসহ ছবি দিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া। এছাড়া ইউনিয়ন যুবলীগ নেতারাও একই পোস্ট করেন।

তারা লেখেন, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আশুলিয়া থানা অন্তর্গত ধামসোনা ইউনিয়ন যুবলীগের আজ বিকালের অনুষ্ঠান ও পথসভা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় নির্ধারণ করে জানানো হবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া নিউজবাংলাকে বলেন, গাজীরচট স্কুলে আজ বিকাল ৩টায় প্রোগ্রাম ছিলো। মন্ত্রী মহোদয় প্রধান অতিথি ছিলেন। আমরাই আয়োজক ছিলাম। কিন্তু বৈরু আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। মাঠে হাটু পানি। তবে পানি নামারও সুযোগ নাই। পানি নিষ্কাশনেরতো জায়গা নাই। এই বৃষ্টিতে আমাদের এলাকায় বাড়ি বাড়ি ঢুকছে।

তবে নিজ আসনে জলাবদ্ধতার কারণে মন্ত্রীর সমাবেশ স্থগিত হয়ে যাওয়াটা অনেকেই ভালো চোখে দেখছেন না। মন্ত্রী তার এলাকায় জলাবদ্ধতা নিরসনে কোন কাজ করেননি সাধারণ মানুষের এমন অভিযোগের প্রেক্ষিতে এই যুবলীগ নেতা বলেন, বৃষ্টি হলেতো কিছু করার নাই, তাই না।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীরচট এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। গত ২৪ ঘন্টায় বৃষ্টির কারণে এলাকার অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। অলিগলি ও অনেক বাসাবাড়িতে পানি উঠেছে। শুনেছি আজ গাজীরচট স্কুলে মন্ত্রীর প্রোগ্রাম ছিলো। বৃষ্টির কারণে মাঠে হাটু পানি জমে থাকার কারণে প্রোগ্রাম ক্যানসেল হইছে। শুধু জলাবদ্ধতার কারণেই আজ মন্ত্রীর প্রোগ্রামটা হলো না। বিষয়টা মোটেই ভালো দেখায়নি।

গাজীরচট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সি বলেন, দীর্ঘ দিন যাবৎ জ্বলাবদ্ধতার সমস্যায় শুধু গাজীরচট, ইউনিক ও জামগড়া এলাকার মানুষ ভুগছে । তার স্কুলের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সমস্যার মধ্য দিয়েই স্কুলে যাতায়াত করে আসছে ।

এবিষয়ে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, কালকের বৃষ্টির কারনে স্কুলের মাঠে করা প্যান্ডেল ছিড়ে গেছে । এছাড়াও মাঠে পানি জমে তলিয়ে যাওয়া অনুষ্ঠানকি স্থগিত করে পরবর্তী সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।