ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় পদত্যাগ করেন মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

টানা প্রায় দুই সপ্তাহ ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় আগ্রাসন চালাতে ইসরায়েলে দ্রুত অস্ত্র সরবরাহ করার পাশাপাশি দেশটি বিমানবাহী রণতরীও পাঠিয়েছে পূর্ব ভূমধ্যসাগরে।

আর এরইমধ্যে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে বিভাগটি বিদেশে অস্ত্র হস্তান্তরের বিষয়ে কাজ করে, পদত্যাগকৃত ওই কর্মকর্তা সেই বিভাগেই কাজ করতেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি শক্তির কাছে অস্ত্র হস্তান্তরের বিষয়ে কাজ করা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা ইসরায়েল ও গাজায় চলমান সংঘাতে বাইডেন প্রশাসনের নীতিতে আপত্তি জানিয়ে বুধবার পদত্যাগ করেছেন।

পদত্যাগকৃত ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে আরও মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি তিনি সমর্থন করতে পারবেন না। এছাড়া চলমান গাজা সংঘাতে বাইডেন প্রশাসন যেভাবে এগিয়ে গেছে সেটিকে ‘বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব’-এর ওপর ভিত্তি করে ‘আবেগপ্রবণ প্রতিক্রিয়া’ বলেও অভিহিত করেছেন তিনি।