নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২অক্টোবর ) ভোরে নরসিংদীর ঢাকা-সিলেট সড়কে পৃথক স্থানে নিহত তিনজনের মধ্যে শিবপুরে নিহত একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। সেই ব্যক্তির নাম খাদিমুল ইসলাম (২৭)।

তিনি ঢাকার মিরপুরের কালসী এলাকার মোটর গ্যারেজ মালিক। শিবপুর ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবপুর ইটাখোলা হাইওয়ে ফাঁড়ি পুলিশের তথ্য মতে, সিলেট থেকে মোটরসাইকেলে করে খাদিমুল ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে রাস্তায় থাকা গর্তে তার মোটরসাইকেলের চাকা আটকে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান। সেসময় পেছন থেকে আসা এনা পরিবহন বাস তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গিয়েছে বলে জানা যায়।

এদিকে ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সকালে ইটাখলা থেকে একটি ট্রাক ও কার্ভাডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। কার্ভাডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সজোড়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে কার্ভাডভ্যানটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। সেসময় সামনে থকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তবে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।