নরসিংদীতে বাসের ধাক্কায় সিএনজির মহিলাসহ ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নরসিংদীর বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মহিলাসহ ৩ যাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া দশটার ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার ভিটিমরজাল এলাকায় ঘটনাটি ঘটে । এসময় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ আরো ৩ জন গুরুতর আহত রয়েছেন।

নরসিংদীর বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাশেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভিটিমরজাল নামক স্থানে একটি যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ১ নারী, ১ শিশু ও ১ পুরুষ ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা আহত চালকসহ ৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক আ: রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা একজনের লাশ বাড়িতে নিয়ে গেছেন।