ঝিনাইগাতীতে জেলা বিএনপির সভাপতিসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার-৬

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
শেরপুরের ঝিনাইগাতীতে বিষ্ফোরক আইনে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ৬৭ জনের নামে ঝিনাইগাতী থানায় মামলা করেছে পুলিশ। এঘটনায় গতকাল রাতে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, মালিঝিকান্দা ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন মেম্বার, মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা মিজান, সাজল ও মোস্তফা।
পুলিশ জানায়, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও বাজারের কাছে গ্রেফতারকৃতরাসহ অন্তত ৬৭ জন নাশকতা সৃষ্টির জন্য মিটিং করছিলো। পরে পুলিশ গিয়ে ৬ জনকে আটক করেন। এসময় সেখান থেকে ১৪টি ককটেল ও ১২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে গায়েবি মামলা দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, ৪২ জনের নাম উল্লেখ করে ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা দেয়া হয়েছে।আজকে বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।