মৌলভীবাজারে ৪১ কেজি গাঁজাসহ শালা দুলাভাই আটক

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তার শ্যালক কুলাউড়া থানার ইসলামনগর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মোঃ জসিম মিয়া (২৭) কে আটক করা হয়। এসময় আরও ২ আসামি পালিয়ে যায়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৫- ২৩৫৪) ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তার শ্যালক কুলাউড়া থানার ইসলামনগর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মোঃ জসিম মিয়া (২৭)কে আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, ‘আটককৃত দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা ৩/৪ দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এই গ্যারেজে মজুদ রেখেছিল তারা।এসময় ২জন আসামি পালিয়ে যায়’

এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তিসহ পালিয়ে যাওয়া ২জনসহ মোট ৪ জনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক।