ডুকরে কেঁদে ওঠেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রধান বিচারপতি হিসেবে শেষ বিচারিক কর্মদিবসে বাবা-মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে এবং বিচার বিভাগ ছেড়ে যাওয়ার কথা বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় এজলাস কক্ষে উপস্থিত তার মেয়ে, নাতি ও অন্যান্য আত্মীয়-স্বজনকেও কাঁদতে দেখা যায়।

বৃহস্পতিবার আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বক্তব্য দেওয়ার সময় এ আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।

বক্তব্যের এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এই বিদায়মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মরহুম বাবা-মাকে। আমার জন্য এবং আমাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য অপরিসীম কষ্ট আর ত্যাগ স্বীকার করে তারা জান্নাতবাসী হয়েছেন। তারা আমার সংগ্রামের পথে সহায়তা করেছেন।

এ কথা বলেই প্রধান বিচারপতি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ডুকরে কেঁদে ওঠেন। কান্নার জন্য এক মিনিটের মতো কথাও বলতে পারেননি তিনি। এ সময় এজলাস কক্ষে উপস্থিত থাকা প্রধান বিচারপতির বড় মেয়ে, নাতি ও ছোট মেয়ের জামাইকেও কাঁদতে দেখা যায়। কিছু সময়ের জন্য এজলাস কক্ষের পুরো পরিবেশ নীরব-নিস্তব্ধ হয়ে পড়ে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এবং বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এজলাস কক্ষে তিল ধারণের ঠাঁই ছিল না।