জাবি ক্যাম্পাসে অতিথি পাখি রক্ষায় প্রশাসনের ১০ নির্দেশনা

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- কালের বিবর্তন।

শীতের আগমনী বার্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি, যা অতিথি পাখি নামেও পরিচিত। এসব পাখির নিরাপদ বিচরণ ও অভয়ারণ্য নিশ্চিত করতে পাখিদের বিরক্ত না করা এবং ক্যাম্পাসের জলাশয়গুলোর পরিবেশ সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে। এসব জলাশয় পাখিদের অবাধ বিচরণক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

পাখিদের নিরাপদ আবাসস্থল ও অভয়ারণ্য নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের পাখিদের নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করতে হবে। এ ছাড়া জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া এবং উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে পাখিদের ভয়ভীতি না দেখানো এবং জলাশয়ে পানির বোতল, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাখিদের প্রতি ভালোবাসা ও মমত্ববোধই তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।