সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুরে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন- মো. জাহিদ হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক ও মো. মামুন আলী।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাংবাদিক সজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে ওই তিন ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল মেনে নেবে না বলেও জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সব নেতাকর্মীকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মো. জাহিদ হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক ও মো. মামুন আলীকে বহিষ্কার করা হয়েছে।”

মন্তব্য লিখুন

আরও খবর