লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে আট বছরের শিশু আব্দুল্লাহ। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুতের তারে আটকে অসহায়ভাবে চিৎকার করতে থাকেন তিনি।

বাবার সেই আর্তনাদ শুনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ছুটে আসে। পরিস্থিতির ভয়াবহতা না বুঝেই বাবাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাবাকে স্পর্শ করলে সেও বিদ্যুতের তীব্র ঝাঁকুনিতে আক্রান্ত হয়।

এসময় মা আসমা খাতুন দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে সাহসিকতার পরিচয় দেন। এতে আল আমিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হয় শিশু আব্দুল্লাহ।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র এবং আল আমিন-আসমা খাতুন দম্পতির একমাত্র সন্তান ছিল। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার পরিবার ও স্বজনরা।

এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।