খাগড়াছড়িতে ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ , ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সরবরাহকৃত জ্বালানির পরিমাণ যাচাই ও লাইসেন্স সংক্রান্ত নথিপত্র পরিদর্শনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার (৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআইয়ের ইন্সপেক্টর ও ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন।

অভিযানে জেলার গুরুত্বপূর্ণ তিনটি ফিলিং স্টেশন— কেসি ফিলিং স্টেশন, মেহেরুন্নেসা ফিলিং স্টেশন এবং আশরাফ এন্টারপ্রাইজে সরবরাহকৃত ফুয়েলের পরিমাণ ক্যালিব্রেশন চার্ট অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যালিব্রেশনের হালনাগাদ সনদ, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স এবং ফায়ার সেফটি লাইসেন্স যাচাই করা হয়।

অভিযানকালে আশরাফ এন্টারপ্রাইজের জ্বালানি সরবরাহকারী একটি লরির ক্যালিব্রেশন সনদ হালনাগাদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নোমান ইবনে হাফিজ।

তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।