শেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর সদর উপজেলায় বিএনপি প্রার্থীর এক নির্বাচনী এজেন্টকে পথরোধ করে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়া (৩৫) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনা-এর শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাসেল জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত এবং শেরপুর-১ (সদর) আসনে হেরুয়া-বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি তাকে অনুসরণ করছিল। একপর্যায়ে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখানে উপস্থিত আরও ১০-১২ জন তাকে মারধর করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলেও সেখানেও গিয়ে হামলাকারীরা তাকে মারধর করে বলে অভিযোগ করেন।

রাসেলের অভিযোগ, স্থানীয় জামায়াত-সমর্থক কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইয়ের নেতৃত্বে ১২-১৩ জন এ হামলায় অংশ নেয়।

ঘটনার পর শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ দলের নেতাকর্মীরা হাসপাতালে আহত রাসেলকে দেখতে যান।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম অভিযোগ করেন, জামায়াতের এমপি রাশেদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বিএনপির এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকাও ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।