বিজয়ী এমপি হাজী মুজিবের উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণ

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

শনিবার দুপুরে লালবাগ এলাকায় নিজ হাতে একটি ব্যানার খুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা।

নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “আমাদের এলাকা একটি পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ কার্যক্রম শুরু করেছি।”

তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাজী মুজিব বলেন, “অনেক দিনের স্বপ্ন শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা। স্থানীয়দের মতে, নির্বাচনের পরপরই এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা ও সৌন্দর্য রক্ষায় ইতিবাচক বার্তা দেবে।