অপরাধে জড়ালেই ব্যবস্থা, কড়া বার্তা শেরপুর-২ এর নবনির্বাচিত এমপির

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

পুলক রায়,শেরপুরঃ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ের পরই কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এ প্রার্থী স্পষ্ট জানিয়েছেন—দলীয় পরিচয়ে কেউ চাঁদাবাজি, দখলদারি, জুয়া, মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশে ফাহিম চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন তার প্রধান দায়িত্ব। নির্বাচনের পর কেউ যেন ব্যক্তিগত স্বার্থে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা না করে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নবনির্বাচিত এ সংসদ সদস্য সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে হিন্দু ও খ্রিস্টান ভোটারদের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, সবার ঐক্যবদ্ধ সহযোগিতাই তার জয়ের ভিত্তি।

তিনি আরও জানান, শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে। নালিতাবাড়ীকে একটি পরিকল্পিত ও আধুনিক শহরে রূপ দিতে তিনি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের কথাও তুলে ধরেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে এলাকায় সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।