নবীনগরে চুরির সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, চারজন আটক

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার মধ্যরাতে কোনাউর গ্রামের মোহাম্মদ আলী ওরফে লেবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন।

পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ ও মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।