সরাইলে বড় পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে।

রোববার( ১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সামনে প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের জন্য এ প্রদর্শনের আয়োজন করেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান( শিপন)।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।সাক্ষাৎকার প্রচারের আগে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা শিপন।

তিনি বলেন, সাক্ষাৎকারে তারেক রহমান কোথাও বলেননি যে, তিনিই একমাত্র নির্যাতিত। তিনি বলেননি যে, দুঃখ-দুর্দশা শুধু তারই বেশি। বরং তিনি বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মী তার মতোই নির্যাতনের শিকার হয়েছেন। এটাই নেতৃত্বের পরিচয়, এটাই মমত্ববোধ।শিপন বলেন, ‘তারেক রহমানের বক্তব্যে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ভবিষ্যৎ নিয়ে যে ভাবনা উঠে এসেছে, তা শুধু বিএনপির নয়—সমগ্র জনগণের ভাষা।

তাঁর যুক্তিনির্ভর বক্তব্য আমাদের আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছে।’তিনি আরও বলেন, ‘রাজনীতিতে সহিংসতা নয়—সংগঠন ও যুক্তির পথে চলার আহ্বান একটি জবাব দিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্নকে সামনে আনে।’

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মশিউর রহমান। সাবেক উপজেলা ছাএদলের আহবায়ক রিফাত জিয়া,সাবেক উপজেলা ছাএদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান ,সরাইল উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মো. জামাল লস্কর। বিএনপি নেতা শাহ ওয়ালি উল্লাহ জাবেদ, মো.আরিফুল ইসলাম মুকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আগত অনেকেই জানান, বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য সরাসরি দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। গণতন্ত্র, নির্বাচন ও জনগণের অধিকার নিয়ে তার স্পষ্ট বার্তা স্থানীয়দের মধ্যেও গভীর সাড়া ফেলেছে।