নবীনগরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “মা ইলিশকে ২২ দিন ডিম ছাড়ার সুযোগ দিন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ (০৪ অক্টোবর ২০২৫) উপজেলা মৎস্য অফিস ও সলিমগঞ্জ নৌ পুলিশের যৌথ উদ্যোগে ধরাভাঙ্গা, বড়িকান্দি ও মানিকনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই নির্দেশনা বাস্তবায়নে নবীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আক্কাস আলী এবং সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হায়দার তালুকদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ করে নদীর পাড়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।