নবীনগরের চরলাপাংয়ে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের (দক্ষিণ) দিক থেকে সামিউল ট্রেডার্স কর্তৃক অবৈধভাবে ও জোরপূর্বক বালু উত্তোলনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী এলাকাবাসী। এতে নারী-পুরুষ, কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সামিউল ট্রেডার্সের অবৈধ বালু উত্তোলনের ফলে চরলাপাং এলাকার ফসলি জমি ভেঙে যাচ্ছে, বাড়িঘর ধসে পড়ছে। নদীভাঙনের তীব্রতায় বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে শত শত পরিবার। প্রশাসনকে বারবার জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাজিব চৌধুরী-এর কাছে এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত সময়ের মধ্যে বালু উত্তোলন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু আজ্জম, উপজেলা বিএনপির সদস্য মবিন চৌধুরী, নিয়াজউল্লাহ, স্থানীয় ওয়ার্ড মেম্বার জীবন মিয়া, এবং চরলাপাং গ্রামে শত শত গ্রামবাসী।