নবীনগরে চিকিৎসা সেবায় দেরি, নার্সকে মারধর করে মাথা ফাটাল রোগীর স্বজনরা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবায় সামান্য দেরিকে কেন্দ্র করে এক নার্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সেলিনা সুলতানা নামে দায়িত্বরত এক নার্স আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৫. ০৮.২৫) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম নামের এক রোগী বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে দায়িত্বরত নার্স সেলিনা অন্য এক রোগীকে সেবা দেওয়ার পর জরিনাকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে কিছুটা সময় লাগায় রোগী ও তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ সময় জরিনার ছেলে রায়হান (২৪) ও তার সঙ্গে থাকা স্বজনরা নার্স সেলিনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাকে মারধর করে। এতে নার্সের মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেলাই দিতে হয়। এছাড়া তারা হাসপাতালের কিছু জিনিসপত্রও ভাঙচুর করে।

ঘটনার বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তামিম রায়হান বলেন,
“দায়িত্বরত নার্স এক রোগীকে সেবা দেওয়ার পরপরই জরিনাকে ইনজেকশন দেওয়ার কথা জানালে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লেগে নার্সের মাথা থেতলে যায় এবং কিছুটা রক্ত ক্ষরণ হয়।তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছে, এ ঘটনায় নবীনগর থানায় হাসপাতালের ডাঃ তামিম রায়হান বাদী হয়ে মামলা করেছেন। মামলার প্রধান আসামি রায়হানকে গতকাল(১৫.০৮.২৫) শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

রোগী জরিনা ও তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।