খাগড়াছড়ির মানিকছড়িতে ফল বাগান সৃজনে কৃষক প্রশিক্ষণ ও আম চারা বিতরণ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ২৩ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের থলি পাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার (২২ মে ২০২৫) প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে “পারিবারিক ফলের চাহিদা পূরণের লক্ষ্যে ফল বাগান সৃজন” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিপীকা নার্সারীর উদ্যোগে এবং পার্বত্য কৃষির অগ্রযাত্রার কারিগরি সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে বিষয়ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমন ত্রিপুরা। কৃষি উদ্যোক্তা চাইসা মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে ইমন ত্রিপুরা বলেন, “পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার প্রান্তিক কৃষকদের কৃষি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

বাড়ির আঙ্গিনার পতিত বা অব্যবহৃত জমিতে পরিকল্পিতভাবে ফলের চারা রোপণ করে একদিকে যেমন পরিবারের ফলের চাহিদা পূরণ সম্ভব, অন্যদিকে তা আয় বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক রাপ্রু মারমা বলেন, “এই প্রথম আমি কৃষি বিষয়ক কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান আমার পতিত জমিতে ফলের গাছ রোপণে বাস্তবভাবে কাজে লাগবে।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষক-কৃষানীর মাঝে দিপীকা নার্সারীর পক্ষ থেকে উন্নত জাতের আমের দুটি করে চারা বিনামূল্যে বিতরণ করা হয়।