নওগাঁয় দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জল হোসেন (৩০) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। পেশায় তিনি ছাগলের ব্যবসা করতেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উজ্জল হোসেন উপজেলার বড়থা বাজার থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখন করে পালিয়ে যায়।

পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাকিলা বেগম বলেন , তার স্বামী প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল। রাত ১০টার দিকে খবর পান উজ্জলকে কেউ কুপিয়ে আহত করেছে। পরে হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান স্বামীকে। এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে তাদের শাস্তির দাবি জানান তিনি।

বিষয়টি নিয়ে কথা হলে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর হোসেন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি।