গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুইজনকে অর্থদণ্ড

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে তিতাস গ্যাসের ১৮০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অনুমোদনহীন সংযোগের মাধ্যমে বাসা বাড়িতে গ্যাস ব্যবহার করায় দুজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের উত্তর বিলাশপুর এলাকায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব লাইন বিচ্ছিন্ন ও অর্থদণ্ড প্রধান করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, সোমবার দুপুর থেকে জেলা শহরের উত্তর বিলাসপুর এলাকায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এক অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই এলাকার বিভিন্ন বাসা বাড়িতে অনুমোদন ছাড়া গ্যাস ব্যবহার করায় ১৮০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ। অভিযানের সময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩০০ ফুট পাইপ লাইন অপসারণ করা হয়।

অভিযানের সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারি ব্যবস্থাপক আল আমিন, সহকারী কর্মকর্তা সোহেল রানাসহ তিতাস গ্যাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।