নবীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ , ২১ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
প্রতিকী ছবি

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বিকেলে একটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নন্দিতা ঋষি, উপজেলার অমর ঋষির একমাত্র কন্যা। মেঘাচ্ছন্ন বিকেল নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের ঘটে যাওয়া এই দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (২১ এপ্রিল) বিকেলে নন্দিতা তার নানীর হাত ধরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পুরাতন ভূলাচং বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে সে দৌড় দেয়। এসময় কোম্পানীগঞ্জ থেকে নবীনগরগামী একটি দ্রুতগতির নীল রঙের ট্রাক (ঢাকা মেট্রো- ন ১৩-২০৯৭) শিশুটিকে সজোরে চাপা দেয়।

মা মরিয়া হয়ে চেষ্টা করেও তার ছোট্ট সন্তানকে বাঁচাতে পারেননি। ট্রাকের বিশাল চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নন্দিতার মৃত্যু হয়। তার মাথার আঘাত এতটাই গুরুতর ছিল যে তা ছিন্নভিন্ন হয়ে যায়।

এই ভয়াবহ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। নিহত নন্দিতার বাবা-মায়ের বুকফাটা আর্তনাদে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারানোর এই আকস্মিক শোক কিছুতেই তারা সইতে পারছিলেন না। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও এই গভীর ক্ষত সহজে ভোলার নয়।

দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রাকটি জব্দ করে রাখে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে থানা হেফাজতে নেয়া হয়। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করাকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা বলেন, প্রায়ই এই সড়কে যানবাহনগুলো নিয়ম না মেনে বিপজ্জনকভাবে চলাচল করে, যার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি আবারও নবীনগরের রাস্তায়, বিশেষ করে শিশুদের চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। নন্দিতার এই অকাল ও করুণ মৃত্যু যেন পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সড়কে আরও সতর্কতা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ কতটা জরুরি।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। কেউ যদি অভিযোগ করে, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এই ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে এবং নন্দিতার পরিবারে চলছে মাতম।