নকলায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার ও আলোচনা সভা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ , ২৮ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া, নকলাঃ শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও বিভাগীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিসে শুরার সদস্য মু. ফারদিন হাসান হাসিন। এছাড়া, ইসলামী আন্দোলন নকলা উপজেলা শাখা ও হেফাজতে ইসলাম নকলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতারা, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।