মাটি চাপা দেয়া ছিল অটোরিক্সাচালক আসাদের মরদেহ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নকলায় আসাদ মিয়া (১৭) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মার্চ বুধবার ভোররাতে উপজেলার ছেপাকুড়ি ব্রিজের কাছ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ।

আসাদ মিয়া নকলা উপজেলার দক্ষিন নকলার এলাকার ফজলুল হকের ছেলে।

গ্রেফতারকৃতরা হলো, নকলার গনপদ্দি ইউনিয়নের গজারিয়া এলাকার মজিবর রহমানের পুত্র হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়ার আবু হানিফের পুত্র নূরনবী (২১), পৌরশহরের ইশিবপুরের চান মিয়ার পুত্র মিলন মিয়া মিনাল (২৪), নকলা ইউনিয়নের ধনাকুশার মৃত আশকর আলীর পুত্র জাহিদুল ইসলাম জাহিদ (২২)।

১৩ মার্চ বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম সাংবাদিকদের জানান, প্রতিদিনের মত গত ১১ মার্চ সোমবার আসাদ মিয়া ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেননি।

স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে নকলা থানায় জানান। পরে ১২ মার্চ ভোররাতে নালিতাবাড়ীর তিনানী থেকে অটোরিক্সাসহ দুজনকে আটকে করে পুলিশ। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আসাদকে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের কথা স্বীকার করে আটককৃতরা।

তাদের দেওয়া তথ্যে আরও দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেখানো নকলা উপজেলার ছেপাকুড়ি ব্রীজের পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় আজ ভোররাতে আসাদের মরদেহ উদ্ধার করেন। পরে লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এঘটনায় আসাদের বাবা ফজলুল হক বাদী হয়ে চারজনকে আসামী করে বুধবার দুপুরে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।