মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় ঘটনাটি ঘটে। শিশুরা হলো-ওই এলাকার তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৭) ও বিল্লাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)।

মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই আতিকুল আলম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়।

সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, ‘দুই শিশুর পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।’