৩৬ দিনের আল্টিমেটাম বিএনপিকে — ওবায়দুল কাদের

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না। সব জায়গা বঙ্গবন্ধুর সৈনিকদের দখলে থাকবে, শেখ হাসিনার কর্মীদের দখলে থাকবে।

তিনি বলেন, শেখ হাসিনার নাকি মেয়াদ শেষ, আমাদের নাকি মেয়াদ শেষ, অক্টোবরে নাকি সবশেষ। বিএনপির কী হবে অক্টোবরে? ১৫টা অক্টোবর দেখলাম আগামীতেও দেখবো। শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল, জানুয়ারির প্রথম সপ্তাহে শেখ হাসিনা লাল-সবুজের পতাকা হাতে ডাক দিয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর শফি উদ্দিন একাডেমির মাঠে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এখন মির্জা ফখরুল কান্না করে, এটা তার হতাশার কান্না। ইদানিং সভায় দাঁড়িয়েই কান্না শুরু করে দেন তিনি। এত কান্না এতদিন কোথায় ছিল। মির্জা ফখরুল একজন ব্যর্থ সাধারণ সম্পাদক। তারা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটের জন্য একটি আন্দোলনও করতে পারেনি। তাই মির্জা ফখরুলকে পদত্যাগের আহ্বান জানাই।

গাজীপুরের উন্নয়ন নিয়ে সেতুমন্ত্রী বলেন, এই গাজীপুরে অনেক দুর্ভোগ হয়েছে, আর দুর্ভোগ হবে না। এবার গাজীপুরে ইউরোপের মতো রাস্তা হবে। আট লেনের টঙ্গী ব্রিজ, দশ লেনের ব্রিজ হইয়া গেছে। চেরাগআলী পর্যন্ত ওভারপাস-ফ্লাইওভার। কী সুন্দর গাজীপুর গড়ে তুলেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এয়ারপোর্ট থেকে ফার্মগেট, ১০ মিনিটে কারবার শেষ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যা খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, মির্জা আজম, এসএম কামাল হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভুইয়া প্রমুখ।