• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও সংবর্ধনা

শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও সংবর্ধনা

প্রকাশিত: 3:48 pm , 28 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 11 hours আগে
ছবি- হাবিবুল্লাহ মীর।

শৈশবের রঙিন দিনগুলো পেছনে ফেলে নতুন স্বপ্নের পথে পা বাড়াতে যাচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। বিদায়ের সেই শুভক্ষণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (২৮ নভেম্বর) উৎসব আর আবেগের মেলবন্ধন ঘটে।

​বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ ভুঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ পরিদর্শক আফজাল হোসাইন।

​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জাইমা ফুট পার্কের চেয়ারম্যান জাকির হোসেন খন্দকার, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সওকত আলী রিয়াজ, এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম ও আব্দুল মালেক।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ নুরু মিয়া, লিটন মোল্লা, আসলাম মোল্লা, সালাউদ্দিন মিয়া, আলী আকবার মীর, খালেক মীর, জাকির হোসেন ও সানি মিয়া।

​প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার নানামুখী উপদেশ দেন। তাঁরা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে উদ্বুদ্ধ করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। শিক্ষার্থীদের হাতে পরীক্ষার বোর্ড, জ্যামিতি বক্স, কলম ও ফাইল তুলে দেওয়া হয়। আনন্দের স্মৃতি আর নতুন দিনের প্রত্যাশা বুকে নিয়ে হাসিমুখে বিদায় নেয় কোমলমতি শিক্ষার্থীরা।

মন্তব্য লিখুন

আরও খবর