বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ , ১১ নভেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 24 minutes আগে
সংগৃহীত ছবি।

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন দেশটির মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন এবং এই সময়ে তিনি রোহিঙ্গা সংকট ও এর বহুমুখী প্রভাব নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করবেন।

সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এছাড়া সরকারের নীতিনির্ধারক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং নাগরিক সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারে চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অতিরিক্ত প্রায় ১২ লাখ রোহিঙ্গার চাপ বজায় রয়েছে। এই দীর্ঘমেয়াদী সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের এই বিশেষ দূতের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও রোহিঙ্গা সংকট সমাধানে নানা কূটনৈতিক তৎপরতা চালানো হলেও তা কাঙ্ক্ষিত ফল দেয়নি। বরং কার্যকর কোনো উদ্যোগের অভাবে সংকট আরও ঘনীভূত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সংকট আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তুলে ধরার ক্ষেত্রে এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য লিখুন