ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি, বেতন বন্ধ

প্রকাশিত: 1:27 pm , 25 November 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 6 hours আগে
ছবি- লিটন তালুকদার।

লিটন তালুকদার কালাই জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষক সাহিনা আখতারের (ইনটেক্স নম্বর-০০২৬১৩) সনদ নিয়ে মন্ত্রণালয়ের অডিটে আপত্তি উঠেছে।

এ ঘটনায় গত ১জুলাই-২০২০ খ্রী. থেকে সেপ্টেম্বর-২০২৬ খ্রী. পর্যন্ত ওই অডিট আপত্তিতে তাঁর চাকরির শুরু থেকে উত্তোলন করা ১৯ লক্ষ ৯৬ হাজার টাকা সমুদয় বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে অডিট আপত্তির পরও তাঁর বেতন-ভাতা চলমান থাকার অভিযোগ উঠেছে। সর্বশেষ নভেম্বর ২০২৬ মাসের বেতন শিটে তাঁর বেতনের ঘরে শূন্য (০০) দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত মন্ত্রণালয়ের অডিটে ওই শিক্ষিকার আইসিটি সনদসংক্রান্ত অসংগতি চিহ্নিত করা হয়। অডিট আপত্তিতে চাকরিতে যোগদানের পর থেকে গ্রহণ করা সমুদয় বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।

অভিযোগ রয়েছে, অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও ওই শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানের যোগসাজশে তাঁর বেতন-ভাতা চালু রাখা হয়।

এবিষয়ে শিক্ষিকা সহকারী শিক্ষিকা (আইসিটি)সাহানা আখতারের মুঠোফোন যোগাযোগ করা হলে বলেন, আমি এমপিওভুক্ত হওয়ার সময় নট্রামসের প্রশিক্ষণ সনদ দিয়ে এমপিওভুক্ত হয়েছি। পরবর্তীতে শিক্ষা অধিদপ্তর আমাদের আবারও সুযোগ দেয়।

সেই সুযোগে আমি নিজেই কম্পিউটার ডিপ্লোমার সনদ জমা দিয়েছি। এটি শুধু আমার একার ঘটনা নয়, সারা বাংলাদেশেই এমন ঘটনা ঘটেছে।

কয়েক দিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। আমার অনেক সহকর্মী এ বিষয়ে হাইকোর্টে রিট করেছেন। আমিও রিট করতে চেয়েছিলাম। কিন্তু অফিস থেকে আমাকে বলা হয়েছে, রিট করার প্রয়োজন নেই; অডিট আপত্তির প্রতিবেদনের জবাব দিন৷

এ বিষয়ে হিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লজাবত বলেন, গত মন্ত্রণালয়ের অডিটে আইসিটি শিক্ষিকা সাহিনার সনদসংক্রান্ত অসংগতি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যথাযথ জবাব দিয়েছি। তাঁর নিয়োগপ্রক্রিয়াসহ সবকিছু ঠিক আছে। তবে নভেম্বর মাসে তাঁর বেতন-ভাতা কেন আসেনি, সে বিষয়ে কোনো নির্দেশনা আমার কাছে আসেনি।

জয়পুরহাট জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হাকিম বলেন, ওই শিক্ষক যদি সনদ জালিয়াতি বা কোনো ধরনের অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে এমপিও নীতিমালা অনুযায়ী অডিট আপত্তির বিষয়ে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই।