উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: 3:18 pm , 28 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 11 hours আগে
ছবি- আব্দুর রাজ্জাক রাজা।

আব্দুর রাজ্জাক রাজা কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় দীর্ঘ আট বছর পর শনিবার(২৮ নভেম্বর) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বিসিএসইউ) নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্র সমুহে সকাল ৮টা থেকে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

দুপুর ১২টায় শমশেরনগর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে মহিলা ভোটার লাইনে বিপুল সংখ্যক ভোটারদেরকে ভৈাটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৮ সালে গোপন ব্যালটে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। তবে ২০১৮ সালের পর আর নির্বাচন হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর এবার ভোটের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চললে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশ নেবেন।

৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমলগঞ্জ উপজেলায় ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে কমলগঞ্জ উপজেলার ২৩টি চা বাগান নিয়ে মনু-দলই ভ্যালি কমিটির নির্বাচনে দুটি প্যানেল রয়েছে।

নির্বাচন কমিশন ও শ্রম অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনের মাধ্যমে চা বাগান পঞ্চায়েত কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

শ্রম অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন জানান, এই নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দেবেন।

এর মধ্যে একটি প্যানেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, একটি নিজ নিজ ভ্যালির নেতৃত্বের জন্য এবং অন্যটি সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটির জন্য।

মন্তব্য লিখুন

আরও খবর