আকাশ সাহা,সালথা: প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অসীম সাহসিকতা,পেশাদারিত্ব ও বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রশংসিত হয়েছেন ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে রক্ষিত সরকারি ও পাবলিক অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে গোপালগঞ্জের মুকসুদপুর থানা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে সরকারি অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা।
জানা যায়, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করে তাঁরা মুকসুদপুর থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিক অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করেন এবং সেগুলো ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসেন। পুরো কার্যক্রমে সাহসিকতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বশীলতা ও সমন্বয়ের পরিচয় দেন তাঁরা।
এমন প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ওসি মোঃ বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের এ সাহসিকতা ও পেশাদারিত্ব বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের এ ভূমিকা সহকর্মীদের মধ্যেও কর্মস্পৃহা ও পেশাগত দায়িত্ববোধ বাড়াতে অনুপ্রেরণা জোগাবে।
এ ছাড়া এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সালথা থানার ওসি বাবলুর রহমান খান ও তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সাহসিকতা ও দায়িত্বশীলতার এমন দৃষ্টান্তে সালথা থানা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত