শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সেলিম মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মোঃ ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, মানব পাচার চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও বিষয়টি অধিকতর তদন্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত