মো.সাহিদুল ইসলাম শাহীন:- সীমান্তে সম্ভাব্য নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে বেনাপোল সীমান্তে রাতভর কড়া নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন দেশে প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও সতর্কতা বাড়ানো হয়েছে।
গতকাল রোববার (২২ নভেম্বর) দিনভর ও রাতে বেনাপোল ও সংলগ্ন পেট্রাপোল সীমান্ত ঘিরে নানা আলোচনা ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। রোববার দেশের অভ্যন্তরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা—জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভারতের পেট্রাপোল সীমান্তে এসেছে। একই দিনে পেট্রাপোল সীমান্তে একটি বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করেও বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি।
রোববার দিবাগত রাতে শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বেনাপোল চেকপোস্টে গিয়ে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় লাশবাহী অ্যাম্বুলেন্সসহ সীমান্ত পারাপার হওয়া সব যানবাহন সতর্কতার সঙ্গে তল্লাশি করার আহ্বান জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, লাশবাহী গাড়িগুলো যেন যথাযথভাবে তল্লাশি করা হয় এবং কোনো ধরনের ত্রুটি বা সন্দেহজনক বিষয় যেন নজর এড়িয়ে না যায়।
তাঁর দাবি, তাঁদের কাছে তথ্য রয়েছে যে লাশবাহী গাড়িতে করে শেখ হাসিনা আসতে পারে। সীমান্ত নিরাপত্তার স্বার্থে প্রতিটি যানবাহনে সতর্কতার সঙ্গে তল্লাশি চালানোর জন্য তিনি বিজিবি সদস্যদের প্রতি অনুরোধ জানান। এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি উপস্থিত ছিলেন।
এদিকে, রোববার দিনব্যাপী বেনাপোলের বিভিন্ন স্থানে বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে, যা সন্ধ্যারাত পর্যন্ত অব্যাহত থাকে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির নেতৃবৃন্দ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।
(বিঃদ্রঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শীর্ষ নেতাদের অবস্থান বা বিশেষ যানবাহনে আসার গুঞ্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।)
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত